দিল্লির জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) বিক্ষোভকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপির তোপের মুখে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনিও দীপিকাকে কটাক্ষ করতে পিছপা হননি।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘উনি এমন সব লোকজনের পাশে দাঁড়িয়েছেন, যারা ‘ভারত তেরে টুকরে হোঙ্গে’ স্লোগান দেন’। শুক্রবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দীপিকাকে আক্রমণ করে তিনি বলেন, ২০১১ সালেই দীপিকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বোঝা গিয়েছিল। তিনি কংগ্রেসকে সমর্থন করেন, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি যেভাবে সাম্প্রতিক বিষয়ে জড়িয়ে পড়ছেন তা আপত্তিকর। ঐদিন দীপিকাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি কাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, যারা প্রতিটি সিআরপিএফ জওয়ানের মৃত্যুকে উদ্যাপন করেন। স্মৃতি ইরানি বলেন, ‘আমি তার (দীপিকা পাড়ুকোন) রাজনৈতিক যোগ জানি। আমি সেই অধিকারে হস্তক্ষেপ করতে চাই না। তিনি কার পাশে দাঁড়াবেন, সেটাও তার নিজস্ব ব্যাপার। তবে তিনি যাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তারা ভারতকে টুকরো টুকরো করার স্লোগান দেন।’
বলিউড অভিনেত্রী এই মুহূর্তে তার নতুন ছবি ‘ছপাক’-এর প্রচারের জন্য দিল্লিতে রয়েছেন। মঙ্গলবার তিনি জেএনইউয়ে যান বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করেন। রবিবারের হাম?লায় গুরুতর জখম হন ঐশী। এরপর থেকেই দীপিকা পাড়ুকোনের প্রতি বিজেপির ক্ষোভ বাড়তে থাকে। —আনন্দবাজার