আফগানিস্তানে মার্কিন হামলায় তালেবান কমান্ডার নিহত

বহু বেসামরিক লোক হতাহতের দাবি

g আল জাজিরা

আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন ড্রোন হামলায় তালেবান কমান্ডারসহ বহু বেসামরিক লোক নিহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ হামলায় ৬০ জনের বেশি নিহত কিংবা আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

বুধবারের এ হামলা সম্পর্কে হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, এতে ইরান সীমান্তবর্তী শিন্দান্দ জেলায় মাল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া বহু বেসামরিক লোক নিহত হয়েছে। হেরাতের প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান টোরাইলাই তাহিরি স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে জানিয়েছেন, হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত কিংবা আহত হয়েছেন। হেরাত প্রাদেশিক কাউন্সিলের সদস্য ওয়াকিল আহমদ করখি স্থানীয় টোলো নিউজ জানিয়েছেন,  মার্কিন ড্রোন হামলায় মোল্লা নাঙ্গায়াল যোদ্ধাদের সঙ্গে বহু বেসামরিক লোক হতাহত হয়েছেন।

আফগানিস্তানে ন্যাটোর মিশন রেজলিউট সাপোর্ট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা। ২০১৩ সালে তালেবান নেতা মোল্লা ওমরের নিহতের পর নাঙ্গায়ালে তালেবানের মূল শাখা থেকে বিচ্ছিন্ন হন এবং মোল্লা রসুল নামে পরিচিত এক কমান্ডারের নেতৃত্বে একটি ছোটো ভাঙা দলে যোগ দেন। এদিকে এক তালেবান প্রতিনিধির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করবে না। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাত্র এক দিন পরই এ কথা বলেছেন তালেবানদের আলোচক দলের সদস্য সুহালি শাহিন।

আফগানিস্তানে গৃহযুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে তালেবান প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে ঐ দীর্ঘ আলোচনার এখনো কোনো দৃশ্যমান সুফল আসেনি। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলা থাকা সত্ত্বেও আফগান সেনা ও সরকারি কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ করেনি তালেবানরা। অন্যদিকে দেশটিতে তালেবানদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধবিমানগুলো।