বিপক্ষে বলছেন জয়াবর্ধনে-শাস্ত্রীরা

চার দিনের টেস্ট

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার ও দলটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে; দুই জনই এখন আইসিসি ক্রিকেট কমিটির সদস্য। এই ক্রিকেট কমিটিই সিদ্ধান্ত নেবে, টেস্ট ক্রিকেট আসলেই চার দিনে নেমে আসবে কি না। কিন্তু সেই সভা অনুষ্ঠিত হওয়ার আগেই আর্থার, জয়াবর্ধনেরা পরিষ্কার বলে দিয়েছেন, তারা অন্তত এই ধারণার সঙ্গে একমত নন। এ ছাড়াও ভারতের অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রী, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল এই চার দিনের টেস্টের বিপক্ষে কথা বলেছেন।

পুনেতে ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলছিলেন, ‘দেখুন, আমি বলব, পাঁচ দিনের টেস্টকেই অনেক দূর যেতে হবে। টেস্ট ক্রিকেট আপনাকে চ্যালেঞ্জ করবে—আপনাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করবে, শারীরিকভাবে চ্যালেঞ্জ করবে এবং টেকনিক্যালি চ্যালেঞ্জ করবে। আর এর অনেক কিছুই ঘটে পঞ্চম দিনে। আমরা বলতে পারি যে, অনেক ভালো ম্যাচ পাঁচ দিনের আগেই শেষ হয়ে যায়। কিন্তু তাতে পঞ্চম দিনের গুরুত্ব কমে না। আমি মনে করি, টেস্ট ক্রিকেটের যে সৌন্দর্য, সেটাকে এলোমেলো করা উচিত হবে না।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও দলটির কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ঠিক একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমরা এটা নিয়ে (ক্রিকেট কমিটির) সভায় কথা বলব। আমি জানি না, সেখানে কি হবে। তবে আমার ব্যক্তিগত মত হলো—এটা (টেস্ট) পাঁচ দিনেরই থাকা উচিত। আমি এখানে কোনো পরিবর্তন চাই না।’

ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছেন, চার দিনের টেস্ট নিয়ে চিন্তা করাটাই অর্থহীন। তিনি বলছিলেন, ‘চার দিনের টেস্ট একটা ফালতু কথা। এরকম চলতে থাকলে একসময় দেখা যাবে সীমিত ওভারের টেস্ট চালু হয়ে গেছে। পাঁচ দিনের টেস্টকে নষ্ট করার আমি কোনো কারণ দেখি না। হ্যাঁ, যদি কিছু করতেই হয়, তাহলে সেরা ছয় দলকে পাঁচ দিনের টেস্টেই রাখুন এবং পরের দলগুলোকে চার দিনের টেস্ট খেলতে দিন।’

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও টি-টোয়েন্টির কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল আগের দিন ঢাকাতে বসেই বলেছেন, তিনিও এই পরিবর্তন চান না। তিনি বলেছেন, ‘আমি এটার প্রতি আগ্রহী নই। আমি ১০০ টেস্ট খেলেছি, কিছু তিন দিনে শেষ এবং কিছু চার দিনে শেষ হয়েছে। কিন্তু পাঁচ দিনের টেস্টই হচ্ছে মৌলিক বিষয় এবং চার দিনের টেস্ট হলে আমি সেটার প্রতি তেমন উত্সাহী হব না। একটা ঐতিহ্য তৈরি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে এটা চলছে। এখন কেন এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে?’

আইসিসি চার দিনের টেস্টের এই ধারণা ছড়িয়ে দেওয়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছে। বেশির ভাগ সাবেক, বর্তমান খেলোয়াড়ই এই ধারণার বিপক্ষে বলছেন। এ বছর মার্চে এই চার দিনের টেস্ট নিয়ে আইসিসির সভায় সিদ্ধান্ত হওয়ার কথা।