স্পোর্টস রিপোর্টার
ভারতের ক্রিকেট-কাঠামোতে পারিবারিক পরিচয়ে কর্মকর্তার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নতুন সচিব হতে যাচ্ছেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলির বড়ো ভাই স্নেহাশিস গাঙ্গুলি।
অভিষেক ডালমিয়ার ছেড়ে দেওয়া সচিব পদে বসবেন স্নেহাশিস। সৌরভ গাঙ্গুলি ভারতীয় বোর্ড সভাপতি হওয়ায় শূন্য হয়েছিল সিএবি সভাপতির পদ। সেই পদে নির্বাচিত হতে যাচ্ছেন অভিষেক ডালমিয়া। অভিষেক নিজে হলেন ভারতীয় বোর্ড ও আইসিসির প্রাক্তন প্রধান জগমোহন ডালমিয়ার ছেলে।
স্নেহাশিস সিএবি সচিব হওয়ার ফলে ভারতের ইতিহাসে প্রথম দুই ভাই ক্রিকেট-কাঠামোর শীর্ষ দুই পদে একই সঙ্গে কাজ করবেন। স্নেহাশিস নিজে ক্রিকেটার ছিলেন। ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি বাংলার হয়ে।
স্নেহাশিস নির্বাচিত হওয়ার ফলে ভারতীয় ক্রিকেটে প্রাক্তন ক্রিকেটারের সংখ্যা আরো বাড়ল।