ঘুরে দাঁড়িয়ে ফাইনালে অ্যাটলেটিকো

বার্সেলোনার বিদায়

স্পোর্টস ডেস্ক

শেষ বাঁশির চার মিনিট আগে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে শুধু বার্সেলোনাকেই হারালো না, শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ হলো রিয়াল মাদ্রিদের। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠানরত সুপারকোপা দে এস্পানার সেমিফাইনালে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় খেলাটি।

রিয়াল এর আগে প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে রেখেছিল। আগামীকাল রবিবার রাতে স্পানিশ রাজধানীর ক্লাব দুটির মধ্যকার এ ফাইনালটি অনুষ্ঠিত হবে।

বার্সেলোনা ও অ্যাটলেটিকোর মধ্যকার খেলাটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। এরপর ৪৬ মিনিটে কোকের পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে অধিনায়ক লিওনেল মেসি ৫১ মিনিটে সমতা ফেরান। ৬২ মিনিটে কোচ আর্নেস্তো ভালভার্দের দলকে এগিয়ে দেন আন্তনিও গ্রিজমান। খেলা শেষের নয় মিনিট আগে আলভারো মোরাতা পেনাল্টি মেরে সমতায় ফেরান কোচ দিয়েগো সিমিওনির দলকে। এরপর অ্যাঞ্জেল কোরেয়া জোরালো শটে বার্সেলোনার জালে বল জড়িয়ে অ্যাটলেটিকোকে তুলে আনেন ফাইনালে।

মেসির একটি গোল অবশ্য দ্বিতীয়ার্ধে ভিএআর (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) প্রযুক্তির সুবাদে হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। তার পরও শেষ দিকে জেরার্ড পিকের হেডটি ওপর দিয়ে চলে না গেলে খেলাটি হয়তো অতিরিক্ত সময়ে গড়াতে পারত।

এবার টুর্নামেন্টটি নতুন আদলে সাজানো হয়েছে। এতে লা লিগার শীর্ষ দুই দল ও কোপা দেল রের ফাইনালিস্টদের নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে সুপারকোপা দে এস্পানার।

আর্জেন্টিনা অধিনায়ক মেসি খেলা শেষে বলেন, ‘আমাদের অনেক উন্নতি করতে হবে এবং আমরা এ ব্যাপারে সচেতন আছি। কিন্তু আজ আমরা হারকেও ছাড়িয়ে গেছি। আমাদের যে কারণে পছন্দ করবে, কিংবা যা আমরা করতে পারি, সেটা যে আমরা করে দেখাতে পারিনি, সে ব্যাপারে আমরা সচেতন আছি।’

তিনি এ-ও জানান যে অ্যাটলেটিকোর বিরুদ্ধে তারা কিছু শিশুসুলভ ভুল করেছেন। চলতি মৌসুমে বার্সেলোনার খেলার ধরন ও ফলাফলের কারণে অনেক সমালোচিত হয়েছেন কোচ ভালভার্দে। মেসি অবশ্য এ ব্যাপারে সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘যখন পরাজয় আসে এবং লক্ষ্য পূরণ না হয়, তখন লোকজন কথা বলবে এটাই স্বাভাবিক। আগের যে কোনো সময়ের চাইতে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী থেকে সামনে এগিয়ে যেতে হবে।’

হার প্রসঙ্গে মেসি বলেন, ‘এটা কঠিন পরিস্থিতি। বিশেষ করে আমরা একটি শিরোপা হারিয়েছি যেটি আমরা জিততে চেয়েছিলাম। তার পরও আমাদের সামনে তাকাতে হবে।’

অ্যাটলেটিকো কোচ সিমিওনি জানান বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু অন্তিম সময় পর্যন্ত খেলাটা চালিয়ে যেতে হবে। জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরতির পর আমরা একটা গোল দিয়ে শুরু করি। সেটাই আমাদের শক্তি দেয়। কিন্তু তারা পাল্টা আক্রমণ গড়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু আমরা অন্য রকম দল। আপনি দেখবেন আমরা যদি সমতা ফেরাতে পারি, আমরা জিতিও।’