রেকর্ডের কথা ভেবে মনোযোগ হারাতে চান না ক্লপ

স্পোর্টস ডেস্ক

য়ুর্গেন ক্লপ জানিয়েছেন, শিরোপা জয়ে পয়েন্টের রেকর্ডের কথা ভেবে চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে তার দলকে মনোযোগ হারাতে দেবেন না।

লিভারপুল আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হোসে মরিনহোর টটেনহ্যামের মাঠে খেলতে যাবে। তারই প্রাক্কালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিভাপুল কোচ। টটেনহ্যামের মাঠে জয় পেলে ২১ খেলায় লিভারপুলের পয়েন্ট দাঁড়াবে ৬১। সেক্ষেত্রে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের সেরা সূচনায় রেকর্ড হবে এটি।

ক্লপের দল বর্তমানে লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে ১৩ পয়েন্টে এগিয়ে আছে। তবে জার্মান এই কোচ বলেন, তিনি আসন্ন লড়াইকে দেখছেন অন্য যে কোনো এক খেলার মতোই।  তিনি বলেন, ‘আমি এক সেকেন্ডের জন্যও এটা নিয়ে ভাবিনি। এমনকি এখনো আমি এটা নিয়ে ভাবছি না।’

তার মতে, ‘আমি একমাত্র যে কথাটি বলতে পারি, তা হলো আমরা যদি কোনো রেকর্ড নিয়ে ভাবতাম, তাহলে এ পর্যন্ত আমরা যতগুলো খেলা জিতেছি, সেগুলো জিততে পারতাম না। এটাই আসল কথা।’

আসন্ন লড়াইয়ের প্রাক্কালে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমার সমস্যার নাম টটেনহ্যাম। বিশেষ করে তারা যেভাবে খেলে, তারা যেভাবে খেলার কথা ভাবে এবং সেসব কিছু। আমি কেবল এসব বিষয় নিয়েই ভাবিত, এর বাইরে কিছু নয়।’

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ খেলায় অপরাজিত আছে। কিন্তু এরকম অনেক ইতিহাস আছে বিপক্ষ কোচ মরিনহোরও। সাবেক লিভারপুল অধিনায়ক ফিল থমসন বলেছেন পর্তুগিজ কোচটি অন্য যে কোনো কিছুর চাইতে রেডদের এই অজেয় যাত্রা ভেঙে দিতে চাইবেন।

থমসন বলেন, ‘হোসে লিভারপুল ও লিভারপুল সমর্থকদের বিগড়ে দেওয়াটাকেই পছন্দ করবেন। এটা হবে তার জন্য আরেকটি সুযোগ।’

মরিনহোর দল অবশ্য বাস্তবে অতটা ভালো অবস্থায় নেই। তাদের মূল স্ট্রাইকার হ্যারি কেইন বছরের প্রথম দিনে সাউদাম্পটনের বিরুদ্ধে খেলতে গিয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠছাড়া। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার লাগবে এবং তিনি এপ্রিলের আগে অনুশীলনে ফিরতে পারবেন না।

এ কারণেই টটেনহ্যাম এখন কেইনের অনুপস্থিতির সময়ে কাজে লাগাতে এসি মিলান থেকে পোলিশ স্ট্রাইকার ক্রিজিসটফ পায়াটেককে দুই কোটি ৮০ লাখ পাউন্ডে সই করাতে যাচ্ছে। সেটা অবশ্য আজকের খেলার জন্য কাজে আসবে না।

এদিকে ক্লপ জানিয়েছেন, তার দুই খেলোয়াড় জেমস মিলনার ও নাবি কেইটাকে টটেনহ্যামের বিরুদ্ধে পাওয়া যাবে না। দুজনেরই ইনজুরি আছে।—স্কাই স্পোর্টস