বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হয়েছে তেঁতুলিয়া উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত বৃহস্পতিবার পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ফাইনালগুলো অনুষ্ঠিত হয়।
এতে বালক বিভাগে প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগে তেঁতুলিয়া উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে দেবীগঞ্জ উপজেলার ট্রেপ্রীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলায় শ্রেষ্ঠত্ব দেখায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবুলু, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্বাস আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।