স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগের পর দেশের দ্বিতীয় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজভিত্তিক এই লিগের সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। সবগুলো আসরেই দক্ষিণাঞ্চল (খুলনা, বরিশাল বিভাগ) দলটির পৃষ্ঠপোষকতা করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। তাদের অধীনে দক্ষিণাঞ্চল দলটিও চারবার বিসিএলের শিরোপা জিতেছিল। সর্বশেষ আসরের (২০১৮-১৯ মৌসুম) চ্যাম্পিয়নও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
তবে নতুন বছরে শুরু হতে চলা অষ্টম আসর থেকে বিসিএলে থাকছে না বেসরকারি এই ব্যাংক। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক তানজিল চৌধুরী। প্রাইম ব্যাংকের পরিচালকদের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানও তিনি। এরই মধ্যে বিসিবির টুর্নামেন্ট কমিটিকে বিষয়টি জানিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক। বিসিএলে না থাকলেও বিসিবির স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ব্যাংকটি।
আর এই বাণিজ্যিক ব্যাংকটি পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়ানোর কারণে বিসিএলের অষ্টম আসর মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বঙ্গবন্ধু বিপিএলের পরপরই শুরু হওয়ার কথা ছিল বিসিএল।