ভ্রাম্যমাণ প্রতিনিধি
আধুনিককালে খেলা মানেই শুধু ক্রিকেট আর ফুটবল। গ্রাম বাংলায় কৃষি পণ্যের বাহন গরুর গাড়ি। আর এ গরুর দৌড় প্রতিযোগিতাও হতে পারে একটি আকর্ষণীয় খেলা ও বিনোদনের মাধ্যম, তা যেন ভাবাই যায় না। বৃহস্পতিবার এমনই এক আয়োজন হয়ে গেল ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে। দিনভর এ আয়োজন দেখতে মাঠে ভিড় করেছিল অন্তত ২০ হাজার দর্শক।
সকাল থেকেই যত্নআত্তি চলে প্রতিযোগী গাড়িওয়ালাদের। এখন আর হাল চাষে গরু নয়। রীতিমতো মনিবের মর্যাদার লড়াইয়ে নামতে হয়েছে গরুর। দুপুর গড়াতেই শুরু হয় প্রতিযোগিতা। ছয়টি সারিতে ১ কিলোমিটার দূর থেকে শুরু হয় দৌড়। রোমাঞ্চকর এ প্রতিযোগিতা ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও। আসে নাগরদোলা, নানা পণ্য সামগ্রীর দোকান বসে।
আয়োজকদের একজন বেতাই গ্রামের মাইনাল হোসেন বলেন, হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে এ আয়োজন।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা ও খুলনা থেকে মোট ৫৬টি গরুর গাড়ি অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় বেতাই গ্রামের আমিরুল খান প্রথম ও যশোরের বাঘারপাড়ার মশিউর রহমানের গাড়ি ২য় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে টেলিভিশন প্রদান করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।