পীরগঞ্জে থামবে পঞ্চগড় এক্সপ্রেস

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে শুক্রবার থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু করেছে। পীরগঞ্জ স্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ স্টেশনে প্রতিদিন ৫০টি শোভন চেয়ার এবং পাঁচটি এসি চেয়ার কোচ আসন বরাদ্দ রাখা হয়েছে। শোভন চেয়ারকোচের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা আর এসি চেয়ারকোচের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। পঞ্চগড় থেকে সাড়ে ১২টায় ছেড়ে পীরগঞ্জ স্টেশনে এসে পৌঁছাবে দুপুর ১টা ৩১ মিনিটে। তিন মিনিট বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং পৌঁছাবে রাত ৯টা ৫৫ মিনিটে। একইদিন রাতে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে পীরগঞ্জ স্টেশনে এসে পৌঁছাবে পরদিন সকাল ৭টা ২৩ মিনিটে এবং ৩ মিনিট বিরতি শেষে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাবে। উল্লে­খ্য, আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি (সেমি ননস্টপ) পঞ্চগড় থেকে ছেড়ে ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর, যমুনা সেতু, ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি শেষে কমলাপুর স্টেশনে পৌঁছাত। শুক্রবার থেকে ট্রেনটি নতুন করে পীরগঞ্জ এবং সান্তাহার স্টেশনে থামবে।