জামালপুরে তীব্র শীত ও কুয়াশায় মরে যাচ্ছে মরিচগাছ

জামালপুর প্রতিনিধি

চলতি বছর জামালপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন জেলার মরিচ চাষিরা। তীব্র শীত আর ঘন কুয়াশায় মরে যাচ্ছে খেতের মরিচগাছ। মরিচগাছে মুকুল ঝরে পড়ছে এবং গাছও মরে যাচ্ছে।

জেলার জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় মরিচের চাষ হয়ে থাকে।

মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর এলাকায় গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতের কারণে মরিচগাছের অনেক ক্ষতি হয়েছে। ঠান্ডা বাতাসে ঝরে পড়ছে মরিচের মুকুল। মাঠের সব মরিচগাছ মরে যাওয়ার কারণে চিন্তিত হয়ে পড়ছেন চাষিরা। মধ্যেরচর এলাকার মরিচচাষি বারেক সেক, কাশেম মিয়া, আলাউদ্দিন, মুসলিম উদ্দিন ও আয়নাল হক বলেন, গত কয়েক দিনের ঘন কুয়াশায় মরিচের সব ফুল ঝরে পড়ে গেছে। যেসব ফুল আছে, সেগুলোও পচে যাচ্ছে কুয়াশায়। মরিচচাষি লোকমান আলী বলেন, তিন বিঘা জমিতে মরিচের চাষ করেছেন তিনি। এই শীতে হঠাত্ করেই তার মরিচগাছগুলো মরতে শুরু করে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি হতে চলেছে।

এ ব্যাপারে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, এবার চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ১৪০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস কমতে শুরু করলে মরিচের ক্ষতি কম হবে। যদি শীতের তীব্রতা ও শৈত্যপ্রবাহ আরো বেড়ে যায়, তাহলে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শীতের কারণে মরিচের কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য তিনি দিতে পারেননি।