নাচ গান নাটকে মুখর শিল্পকলা একাডেমি

ইত্তেফাক রিপোর্ট

শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উত্সব’। একাডেমির নন্দনমঞ্চে এই শিল্পযজ্ঞে গতকাল সপ্তম দিনে অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা ও সাংস্কৃতিক ক্লাব নড়াইলের পরিবেশনায় এবং বাচ্চু মিয়ার পরিচালনায় ঐতিহ্যবাহী লোকজ লাঠিখেলা। নন্দনমঞ্চে বিকালে শিল্পকলা একাডেমির পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় শিল্পী শুসমী, শাফান ও স্বর্ণালী এবং নজরুল শিল্পী সংস্থার পরিবেশনায় সমবেত সংগীত পরিবেশিত হয়। গোলাম মোস্তফা খানের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে বেণুকা ললিতকলা একাডেমি। এছাড়া, জেলার পরিবেশনায় অংশ নেয় চুয়াডাঙ্গা, যশোর ও নড়াইলের শিল্পীরা। রাতে একাডেমি প্রাঙ্গণে দর্শনীর বিনিমেয়ে মঞ্চস্থ হয় মো. রঞ্জু হোসেন আদিল খানের নির্দেশনা ও পরিচালনায় নৃত্যনাট্য ‘খাইরুন সুন্দরীর পালা’।

স্মরণে কুটি মনসুর :নানা আয়োজনে স্মরণ করা হলো সাধক, শিল্পী, গীতিকবি ও সুরকার কুটি মনসুরকে। কথামালা ও গানে গানে এই সাধকের জীবনকে তুলে ধরা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি ও কুটি মনসুর ফাউন্ডেশন।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সচিব ও শিল্পী মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি ও কুটি মনসুর ফাউন্ডেশনের সভাপতি রুপু খান। গুণী সংগীত ব্যক্তিত্ব কুটি মনসুর জাতীয় স্বীকৃতি না পাওয়ায় বিষয়টি নিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা পর্ব শেষে কুটি মনসুরের গান পরিবেশন করেন ধনু সাত্তার, স্বপ্না রায়, রাজা হাসান, নাসরিন ফেরদৌস চমন, তামান্না নিগার তুলি, ফরিদ আহমেদ, মো. ইলিয়াস, সমিরন চক্রবর্তী, শাহনূর আলামিন, এম এ মতিন, শাহাবুদ্দিন আহমেদ দোলন প্রমুখ।

শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত :শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিবস ছিল গত ২৯ ডিসেম্বর। সে উপলক্ষ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক খ গ ঘ চারটি বয়স শ্রেণিতে দেড় শতাধিক ছেলেমেয়ে অংশগ্রহণ করে। বিজয়ী সকলকে পদক, সনদপত্র ও প্রথমা প্রকাশনী এবং বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত কাইয়ুম চৌধুরীর লেখা ও অঙ্কিত এবং কাইয়ুম চৌধুরীর ওপর লেখা বই প্রদান করা হয়। প্রতিযোগিতায় অতিথি ও বিচারক ছিলেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী মনিরুজ্জামান। তারা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিল্পাচার্যর জন্মদিবসে এখন থেকে নিয়মিতভাবে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি সংসদ ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বাউল বাতাস এর প্রতিষ্ঠাবার্ষিকী :আলোচনা ও বাউল গানের মধ্য দিয়ে বাউল গানের সংগঠন বাউল বাতাস এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সংগঠনটি। গতকাল বিকালে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব হাসানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরুল আমিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফুল আলম তানভীর, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ আকন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও ক্র্যাবের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত কাউসার।

বাউল করিম শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদ। আলোচনা শেষে বাউল গান পরিবেশন করেন বাউল করিম শাহ, আলতাফ সাঁই, সেলিম রেজা, বাউল বাতাস সম্মাননায় ভূষিত হন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত কাউসার ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল।