শ্বশুর শাশুড়ি আটক, স্বামী পলাতক
নেত্রকোনা প্রতিনিধি
যৌতুকের টাকা না দেওয়ায় তমালিকা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী রাসেল মিয়া। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চর সিংধা গ্রামে। রাসেল পলাতক রয়েছেন। পুলিশ রাসেলের বাবা মাকে আটক করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চর সিংধা গ্রামের বাসিন্দা আবুল হাশিমের ছেলে রাসেল ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। গত দেড় বছর আগে একই ইউনিয়নের পাশের গ্রাম ভাটি পাড়ার রমিজ মিয়ার মেয়ে তমালিকা আক্তারের সঙ্গে বিয়ে হয়। এটি রাসেলের দ্বিতীয় বিয়ে। তমালিকা সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে রাসেল বিভিন্ন সময় তমালিকাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এরই মধ্যে তমালিকা তার বাবার কাছ থেকে বেশ কিছু টাকা এনে দেন। আবারও রাসেল তমালিকাকে তার বাবার বাড়ি থেকে আরো কিছু টাকা এনে দিতে বলেন। এতে তমালিকা অপারগতা প্রকাশ করলে রাসেল বুধবার গভীর রাতে তার স্ত্রী তমালিকাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাসেলের বাবা আবুল হাসিম ও মা মাজেদা আক্তারকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রাসেল মিয়াকে আটক করতে অভিযান চলছে।