সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মধুমতি সিএনজি পাম্পের সামনে ডিবি পুলিশ পরিচয়ে ৩৭টি গরুভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে খালি ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে শুক্রবার বিকালে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চামারখুন্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ট্রাকে ৩৭টি গরু নিয়ে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে টিপুরদী এলাকায় মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক ট্রাকের গতিরোধ করে চালক শাহ আলম, হেলপার ফরিদুল ইসলাম ও তাকে (রবিউলকে) অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের মারধর করে গরুসহ ট্রাকটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের জন্য কয়েকটি টিম কাজ করছে।