অবসরে গেলেন পিলখানা হত্যা মামলার বিচারপতি শওকত হোসেন

ইত্তেফাক রিপোর্ট

অবসরে গেলেন পিলখানা হত্যা মামলার রায়দানকারী বিচারপতি মো. শওকত হোসেন। হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চের প্রধান ছিলেন তিনি। গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষ্যে তাকে বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এ এম আমিনউদ্দিন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি হিসেবে আপনার যুগান্তকারী রায় হলো পিলখানা হত্যা মামলার রায়। আপনি ও আপনার নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে সর্ববৃহত্ এ রায় দেন। এ রায়ে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে অনেক বেগ পেতে হয়েছে। বিশেষ করে আপনার দেওয়া অংশে অপ্রয়োজনীয় কোনো বাক্য বা বিষয় তুলে ধরেননি। এটি একটি যুগান্তকারী রায়। তিনি বলেন, আপনি ছিলেন আদর্শবান ও ন্যায়পরায়ন একজন বিচারপতি। আপনি ধৈর্য ধরে মামলা শুনতেন এবং সব সময় ন্যায়সম্মত বিচার করতে চেষ্টা করতেন। আপনার সততা, দক্ষতা ও ন্যায়পরায়নতা ছিল প্রশ্নাতীত। আপনি আইনাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিচারপতি শওকত হোসেন ১৯৮১ সালের ৪ ডিসেম্বর জুডিসিয়াল ক্যাডার সার্ভিসে মুন্সেফ হিসেবে যোগ দেন। ১৯৯৮ সালের পহেলা মার্চ জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।