স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলামের বাবা শেখ আলী আহমেদ (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল সন্ধ্যায় খুলনায় গোবরচাকায় নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি পাঁচ পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। আসলাম ছাড়াও শেখ আলী আহমেদের তৃতীয় পুত্র শেখ আসকর ঢাকার ফুটবলে খেলেছেন আবাহনীর জার্সি গায়ে। তার চতুর্থ পুত্র শেখ আকরামও ঢাকার ফুটবলে খেলেছেন। আকরাম জানিয়েছেন, তার বাবা শেখ আলী আহমেদ ৬০ দশকে ঢাকার মাঠে ওয়ান্ডারার্সে খেলেছেন। সে সময় কলকাতার ফুটবলে খেলেছিলেন তিনি। ৫২ সালে খুলনায় আন্তঃজেলা সাইক্লিংয়ে সেরা হয়েছিলেন।’ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ আলী আহমেদ। আকরাম জানিয়েছেন, ছবি আঁকা, হস্তশিল্প, মঞ্চ নাটকে অভিনয় এবং সংগীতে তার ছিল অসাধারণ গুণ। স্বাধীনতার পর খুলনা রেডিওতে পল্লিগীতিতে তালিকাভুক্ত শিল্পী ছিলেন বলে জানান আকরাম। গত ৮ জানুয়ারি আসলামের মা জাহানারা বেগমের মৃত্যুবার্ষিকী ছিল। এর দুই দিন পর বাবা শেখ আলী আহমেদও চিরবিদায় নিলেন। বাবা-মা ভাইবোনসহ আসলামের পরিবারে ৯ জন বলেই খেলোয়াড়ী জীবনে তার জার্সি নম্বর ছিল ৯। আসলামের বাবা শেখ আলী আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে।