ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। শুক্রবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এর আগে সকালে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উত্তর সিটিতে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ‘নৌকা’।
শুরুর প্রচারণায় উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। আমি কাজপাগল একজন মানুষ, আমি কাজ করতে চাই। আপনাদের নিয়ে এই শহরকে ঈর্ষণীয় সুন্দর করে তুলতে চাই। মনে রাখবেন নৌকার কোনো ব্যাকগিয়ার নেই, নৌকার গিয়ার একটাই আর তা হচ্ছে ফ্রন্ট গিয়ার।’ প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেওয়ার সুযোগ চান। এজন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি। শুক্রবার দুপুরে তার উত্তরার নির্বাচনী কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং করে তিনি এ অনুরোধ জানান।
আতিকুল বলেন, আপনারা দেখেছেন, নির্বাচনী প্রচারে এমপি বা মন্ত্রীদের অংশ নেওয়ার ক্ষেত্রে একধরনের নিষেধাজ্ঞা রয়েছে। আমার কথা হচ্ছে, আজ যারা এমপি আছেন, তারা তো দলেরও সদস্য। তাদেরও তো ইচ্ছা করে আমার সঙ্গে প্রচারণায় অংশ নেওয়ার। তিনি আরো বলেন, নির্বাচিত হলে তিনি মেয়রসহ সব কাউন্সিলরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করবেন। একই সঙ্গে নিরাপদ সড়ক ও নিরাপদ শহর গড়ে তোলার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিপক্ষকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে আতিকুল বলেন, আমাদের চাচা-ভাতিজার সম্পর্ক। যে কোনো প্রতিপক্ষকেই আমরা শক্তিশালী বলে মনে করি।