খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিয়ে ভোট চাইলেন তাবিথ

নেতা-কর্মীদের স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। মসজিদের সামনে শত শত নেতা-কর্মী ‘খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষের জয় চাই’ বলে স্লোগান দেন। এর আগে তাবিথ আউয়াল ও তার বাবা আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা ৭ নম্বর জামে মসজিদে নামাজ আদায় করেন। নামাজের পর প্রায় আধা ঘণ্টা মিছিল ও স্লোগানের পর সড়কের পাশে দাঁড়িয়ে তাবিথসহ কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তাবিথের প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে আমরা গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন হিসেবে নিয়েছি। বিজয় আমাদের সুনিশ্চিত।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনে অংশ নেয়ার মাধ্যমে আমরা গণতন্ত্র ফেরাতে চাই। দেশে গণতন্ত্রের কিছুই নেই। নামের গণতন্ত্র দিয়ে দেশ চলতে পারে না। এই নির্বাচনে জনগণকেই তাদের ভোটের অধিকার ফেরাতে হবে। সরকারের দুর্নীতি, দুঃশাসন ও নির্যাতনের বিরুদ্ধে মানুষ এই নির্বাচনে জবাব দেবে। এ সময় উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন কমিশনকে ভোটারদের মধ্যে উত্সাহ সৃষ্টি করতে হবে। অতীতের মতো এই নির্বাচনেও যদি কোনো কারচুপি ও ষড়যন্ত্র করা হয়, এখান থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে।