তাপসের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ইশরাকের

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের (দুপুর ২টা থেকে রাত ৮টা) আগে মাইক ব্যবহারের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

গতকাল শুক্রবার বিকালে ইশরাক হোসন স্বাক্ষরিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কাছে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।

অভিযোগের চিঠিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ১০ জানুয়ারি প্রচার শুরুর প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করে সকাল পৌনে ১১টায় মাইক ব্যবহার করে দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা, আমুলিয়া মডেল টাউন, মেহেন্দীপুর বাজার, মীরবাগ থেকে নৌকা মার্কার প্রচার শুরু করেন। প্রচারণার সময় দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত মাইক ব্যবহারের কথা থাকলেও তিনি আইনের তোয়াক্কা না করে সকাল পৌনে ১১টায় মাইক ব্যবহার শুরু করেন। যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ২১(২) ধারা সুস্পস্ট লঙ্ঘন।