এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এখনও সুষ্ঠু নির্বাচনে কোন পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন।

শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ফরাজী বাজারে গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

মওদুদ আহমদ বলেন, ভোট কেন্দ্র দখল ও চুরি করতে কেউ পারবেন না। রাতের বেলায় ভোটারদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখাতে পারবেন না। আমি ৫ বছর কি অবস্থায় এলাকায় ছিলাম, তা আপনারা সবাই জানেন। আমাকে গত রমজানের ঈদ ও কোরবানের ঈদে বাড়ি থেকে বের হতে দেয়নি। পুলিশের গাড়ি আমার বাড়ির সামনে আড়াআড়ি করে রাখে। নেতাকর্মীরা আমার সঙ্গে দেখা করতে আসার পথে পথে তাদের ওপর হামলা হয়। উল্টো তাদের বিরুদ্ধে মামলা হয়। কোম্পানীগঞ্জে এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে মামলা নাই। 

আরো পড়ুন: বাংলাদেশি ১৫ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর মিথ্যা হামলা, মামলা করা হচ্ছে। প্রতি রাতে গ্রেফতার চলছে। আওয়ামী লীগ নিজেরা তাদের অফিস ও প্রচারের গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তারা মুখে গণতন্ত্রে কথা বলছে, বাস্তবে তা তাদের মধ্যে নেই। আমার ক্ষমতার আমলে স্কুল, কলেজ সরকারি করণ, ফায়ার সার্ভিস, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ, উপজেলা ভবন, বসুরহাট-কবিরহাট রাস্তা পাকা করণ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ব্যাপক উন্নয়ন করেছি। কে বেশি উন্নয়ন করছে তা জনগণ ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তা প্রমাণ করবে। 

ইত্তেফাক/জেডএইচ