অনেক বর্ষীয়ান ক্রিকেটারের অনুরোধকে পাশ কাটিয়ে চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনের কথা ভাবছিলো আইসিসি। কিন্তু তাদের সেই ভাবনার পথে এখন বড় বাঁধা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চারদিনের টেস্টের বিপক্ষে অবস্থান নেবে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি চারদিনের টেস্টের বিপক্ষে বক্তব্য দিয়েছেন। চারদিনের টেস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটির বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। শুধু তাই নয়, বিশ্বের মাস্টার ব্লাস্টার খ্যাত শচীন টেন্ডুলকারও ৪ দিনের টেস্টের বিপক্ষে নিজের মতামত জানিয়েছেন। সব মিলিয়ে ভারতকে চারদিনের টেস্টের জন্য রাজি করা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষে প্রায় অসম্ভব।
এর আগে রবি শাস্ত্রী ও বিরাট কোহলি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁরা চান না টেস্টের মেয়াদ পাঁচ থেকে চার দিনে কমিয়ে আনা হোক। এতে টেস্টের ঔজ্জ্বল্য কমবে। সংবাদ সংস্থা আইএএনএস-কে বোর্ডের এক আধিকারিক বলেন, বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বোর্ড ও ইসিবির সঙ্গে এ বিষয়ে কথা বলবে ১২ জানুয়ারি বিসিসিআই অ্যাওয়ার্ডসের সময়।
তিনি বলেন, কেবল ভারতের অধিনায়ক ও কোচ নন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিসও এ বিষয়ে তাঁদের মত স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাঁর মতে, বিশেষ করে বড় দু'টি দলের মধ্যে ম্যাচে দিনের সংখ্যা কমানোর কোনও যুক্তি নেই। এনডিটিভি।
ইত্তেফাক/আরএ