১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনা সারাবিশ্বের কাছে বাংলাদেশকে প্রশংসিত করেছেন। এদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হলেও শেখ হাসিনা তা মিথ্যা প্রমাণ করেছেন। দেশে দারিদ্র্য সীমা গত দশ বছরে ৪২ থেকে ২০ শতাংশে নেমে গেছে। শুধু অর্থনৈতিকভাবে নয় সাংস্কৃতিক অর্জনও থাকতে হবে। আমাদের সব ভালো অর্জন নিয়ে এগিয়ে যেতে হবে- বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার সকালে লৌহজং উপজেলার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের দ্বিতীয় সম্মিলন ও জ্ঞানালোক পুরষ্কার প্রদান উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আয়োজনে ২০১৮ ও ২০১৯ সালের জন্য দুজন গুণীকে জ্ঞানালোক পুরষ্কার প্রদান করা হয়। শিল্প-সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, সাংবাদিকতা, জ্ঞানচর্চা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগের স্বীকৃতি হিসেবে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে। এর অর্থমূল্য এক লাখ টাকা।
নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সৃজনশীল কর্ম ও অবদানকে সমুন্নত করার ক্ষেত্রে ব্যক্তিগত ও সংগঠিত উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জ্ঞানালোক পুরষ্কার পান দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
২০১৮ সালের জ্ঞানালোক পুরষ্কার গ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো।
আরও পড়ুন: বেতন ১ ডলার বাড়ালে আত্মহত্যা কমবে শতকরা ৬ ভাগ
ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের আহ্বায়ক কবির ভূঁইয়া কেনেডি।
কবি ঝর্ণা রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- অধ্যাপক ড. মাহবুবে রশিদ, বিশিষ্ট নৃত্যশিল্পী ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়লা হাসান, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক মুহম্মদ শাহজাহান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এসি