/ ইমতিয়াজ সুলতান ইমরান
দেশে কিছু মানুষ আছে তিলকে তারা তাল বানায়
আমড়াগাছের ফার্নিচারে রং মাখিয়ে শাল বানায়!
ব্যাঙ দেখে কয়, বোয়াল নাচে! মশারিকে জাল বানায়
মশা মারতে কামান দাগায়, তির-তলোয়ার-ঢাল বানায়!
বেড়াল দেখে বাড়িয়ে কয়, বাঘ ঢুকেছে এলাকায়
এদিক ওদিক ছুটতে গিয়ে একে অন্যে ঠেলা খায়।
নদীর ওপর গড়তে সেতু দানব নাকি কল্লা চায়
ছেলেধরার ফাঁদে পড়ে নিরীহ লোক গল্লা খায়।
গুজবকথা ছড়ায় দ্রুত এ-কান থেকে ও-কানে
একনিমিষে ছড়িয়ে পড়ে গ্রাম শহরের শ কানে!
আজব যুগের গুজবকথা ইন্টারনেটে ভাইরাল হয়
ফটোশপের কারসাজিতে মনটা সবার কাইড়া লয়!
ফালতু লোকের বাজে কথা শুনে ভয়ে বেলা যায়
তাদের কথায় কান দিতেও দেশে মানুষ মেলা পায়!
কান নিয়েছে চিলে শুনে, চিলের পিছু ছোটে সব
হাছামিছা বোঝে কজন? মিছায় মেতে উঠে সব!
আমজনতার বাজে স্বভাব লাফায় তারা হুজুগে
চোর-ডাকাতে ফায়দা লুটে এমন তালের সুযোগে!
দেশের মানুষ দিশে হারায় ছলচাতুরির গুজবে
হায়রে মানুষ! হারালে হুঁশ! কবে নিজের বুঝ হবে?
এয়ারপোর্ট, সিলেট।