ভোটের আগে-পরে

 

/ আলী এরশাদ

 

ভোটের সময় সন্নিকটে আসবে কত সাধু

মাথায় পিঠে হাত বুলিয়ে ডাকবে তোমায় দাদু।

লম্বা সুরে সালাম দেবে হাত মেলাবে হাতে

বুকের সাথে বুক মেলাবে ইচ্ছা-অনিচ্ছাতে।

মিষ্টি হেসে বলবে নেতা, ‘কেমন আছেন সবে?

আমি যদি পাশ করি গো খুব উন্নয়ন হবে।

দয়া করে ভোটটা দেবেন সঙ্গে দেবেন দোয়া

যোগ্য ভেবে দেবেন আমায় ভালোবাসার ছোঁয়া।

আমি নেতা হলে পরে থাকব সদাই জেগে

বিপদ-আপদ এলে আমি আসব ঝড়ের বেগে।’

 

মিষ্টিকথায় ভোটটা নিয়ে নেতা হবার পরে

উন্নয়নের জোয়ার তোলে শুধু নিজের ঘরে।

দেয় না সালাম নেয় না সালাম শুধুই মাথা ঝোঁকে

সাধু নেতার শয়তানিরূপ দেখে অবাক লোকে।

নেতার দেখা যায় না পাওয়া মাস পেরিয়ে বছর

ব্যস্ত নেতা তার এলাকার নেয় না কোনো খবর।