/ জামসেদুর রহমান সজীব
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
রোগে শোকে ভুগতে ভুগতে জীবনের হালুয়া টাইট অবস্থা আপনার। তবে সুসংবাদ আছে। কিন্তু ভেবে বসবেন না যে রোগ-শোক সেরে যাবে। বরং নতুন রোগে পেয়ে বসবে আপনাকে। সুসংবাদ হলো, এই নতুন রোগ হওয়াতে আগের কয়েকটা রোগ লাইমলাইট হারাবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
খুব তো সুখে আছেন। সুখের ঠ্যালায় বেঁচে থাকাই দায় আপনার। কিন্তু তবুও তো বাঁচতে হবে। সুখের পরিমাণ বেশি বলে দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার মতো ভুল করবেন না যেন। আপনার মতো সুখী মানুষ আছে বলেই তো বিশ্বের সুখী মানুষের তালিকায় দেশের নামডাক এখনো অক্ষুণ্ন আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
পেঁয়াজের দাম বাড়ায় আপনি যতটা চিন্তিত অতটা চিন্তা অন্য কোনো রাশির মানুষেরা করে না। কী হয় পেঁয়াজের দাম বাড়লে! ওদিকে যে তেল-নুন, আটা, সবজি, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে হু-হু করে; সেদিকে তো আপনার চিন্তা নেই। এক পেঁয়াজ নিয়ে এত চিন্তা আপনার! পেঁয়াজের ব্যবসা করবেন নাকি?
কর্কট (২২ জুন-২২ জুলাই)
এক ফেসবুকে সময় দিলেই কি সামাজিক জীব হওয়া যায়? যায় নারে পাগলা। ঘর আর মোবাইলের বাইরেও একটা জীবন আছে। সেখানে সময় দিন। মানুষের সঙ্গে মেলামেশা করুন। অবশ্য বলে লাভ কী? এমবি বা মোবাইল রিচার্জ দিতে ওই যে ফ্লেক্সির দোকানে যান, সেখান থেকে তো ডিরেক্ট ঘরেই ফেরেন। আহারে জীবন!
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিশাল বিশাল প্রাকৃতিক দুর্যোগকে ঠেকিয়ে দিচ্ছে সুন্দরবন। সুন্দরবনের সিংহ যেমন খুশি, আপনিও তেমনি খুশি! অবশ্য এই খুশি বেশিদিন টিকবে না। এই খুশি টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হবে আপনাকে। দেশ বাঁচাতে চাইলে সুন্দরবনকে বাঁচাতে হবে। শুধুমাত্র ফেসবুকে নয়, হুংকার ছাড়তে হবে রাজপথে নেমে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আনুমানিক ঠিক কয়টা রিলেশন করলে একটা মানুষের আত্মা ভরে? এই প্রশ্নের উত্তর আমাদের তো জানা নাই। আপনার জানা থাকলেও সেটা আমলে নেবেন কি না কে জানে। প্রেম-পিরিতি ছাড়াও জীবনে করার মতো বহু কিছু আছে। সেদিকে একটু নজর-টজর দেন। নাহলে এই সপ্তাহে কপালে কষ্ট আছে। গিট্টুতে পড়ে যাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
রাশির নামের মতোই আপনার মনটাও নরম তুলতুলে। কিন্তু এ সপ্তাহে তুলতুলে মন নিয়ে থাকলে বড় কষ্টে পড়ে যাবেন। বন্ধুবান্ধব তো আছে মাশাল্লাহ। ধার করতে আসবে লাইনে লাইনে। নরম মন নিয়ে টাকা দিয়েছেন তো ফেসাদে পড়ে যাবেন। একটা বিষয় মনে রাখবেন, ঠাট্টার কন্ট্রিবিউটর ব্যতীত কাউকে টাকা পয়সা দেওয়া যাবে না!
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
সাহিত্য চর্চায় মুখিয়ে থাকবেন পুরো সপ্তাহ। সংগীতের প্রতি বিশেষ অনুরাধ তৈরি হবে। তবে সংগীতের ক্ষেত্রে তিনজন মহীয়ষী ব্যক্তিকে কিঞ্চিত্ পাশ কাটিয়ে চললে সময় সুন্দর কাটবে আপনার। যে তিনজনের কথা বলতে যাচ্ছি দয়া করে নোট করে রাখুন। রোদ্দুর রায়, রানু মন্ডল এবং গুরু ড. মাহফুজুর রহমান।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কিপ্টা হিসেবে আপনার সুনাম দেশ ও বিশ্ব ছাপিয়ে সৌরজগত্ পর্যন্ত পৌঁছে গেছে। এ থেকে পরিত্রাণের উপায় চান? বাতলে দিচ্ছি। শোনা যাচ্ছে, এ সপ্তাহেই নাকি আপনার জন্মদিন! ঠাট্টা পরিবারকে ট্রিট দিন। আপনি যে কিপ্টা না, এটা আমরা জায়গায় জায়গায় বলে বেড়াব।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থানে বসের ঝাড়ি খেতে হবে। অবশ্য এটা তো আপনার কাছে নতুন কিছু না। কিন্তু এ সপ্তাহে ঝাড়ির সঙ্গে নব্য আবিষ্কৃত কিছু গালিও খেতে হতে পারে। গালি খেয়ে ভ্যাবাচ্যাকা হওয়া চলবে না। উল্টো বসের গালির প্রশংসা করুন। বসকে জানান গালিটা আপনার খুব পছন্দ হয়েছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শীত তো এসে গেছে। ভাবছেন আয়েশ করে খুব ঘুমাবেন। এইসব বাদ দেন, আলসেমি ছাড়েন। আপনাদের মতো অলস আছে বলেই আমাদের দেশটা পিছিয়ে আছে। সময় থাকতে দেশকে ঠেলা মারেন। ঠেলে ঠেলে সামনে এগিয়ে নিয়ে যান।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সারাটা দিন মিনমিন করে বউয়ের সঙ্গে আলাপ করেন বলেই বউয়েরা আপনাদের পেয়ে বসে। এ সপ্তাহে বউয়ের সঙ্গে মিনমিন করে কথা বলেছেন কি গেছেন! গলার স্বর উঁচু করুন। বউয়ের সঙ্গে প্রয়োজনে তর্ক করুন। মাইর দু-একটা নাহয় খেলেনই, সমস্যা নেই তাতে।
প্রিয় পাঠক, আর কেউ না জানলেও আমরা জানি রাশি নিয়ে আপনি কতটা সিরিয়াস। মানুষ তো দূরে থাক ফেসবুক, টুইটার বা ইন্সটাগ্রাম ফলো না করলেও ঠিকই নিয়ম করে রাশিফল ফলো করেন। নিজ ভবিষ্যত্ নিয়ে আপনার খুব চিন্তা। ঝঞ্ঝাট ছাড়াই কাটিয়ে নিতে চান ভাগ্যের ফাঁড়া। সমাধান চান জীবনের নানান সমস্যার। নো টেনশন, আমরা আছি তো। নিজের জন্মতারিখ, রাশি এবং সমস্যার কথা লিখে পাঠান ‘হাসি-রাশি-ফল’ বিভাগে। সায়েন্স ফলো করেই হোক অথবা কমার্স বা আর্টস, আপনার সমস্যার সমাধান আমরা খুঁজে বের করবই।