৩ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব’

 বিনোদন রিপোর্ট

 

‘ঐতিহ্যবাহী নাট্য আর দ্বৈতাদ্বৈতবাদী শিল্প দর্শন, সেলিম আল দীনের সৃজন-আভায় নবরূপে দেয় দর্শন’—শ্লোগানে নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১২তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্য সংগঠন স্বপ্নদল ১৪, ১৫ ও ১৭ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করছে ৩ দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব ২০২০। উত্সবের প্রথমদিন ১৪ জানুয়ারি মঙ্গলবার নাট্যাচার্যের প্রয়াণ দিবস সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে স্বপ্নদলের বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে রয়েছে বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দি’র প্রদর্শনী। ১৭ জানুযারি বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে থাকছে ‘ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতি, দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও সেলিম আল দীনের নাট্য দর্শন’ শীর্ষক বিশেষ সেমিনার। এত মূল আলোচনা উপস্থাপন করবেন জাহাঙ্গীননগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুত্ফর রহমান। মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন নাট্যজন ড. সোমা মুমতাজ, নাট্যজন মান্নান হীরা, নাট্যজন কামাল বায়েজীদ, নাট্যজন মাসুম রেজা, নাট্যজন সাধনা আহমেদ, নাট্যজন অপূর্ব কুমার কুণ্ডু প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।