দুর্বৃত্তদের আগুনে পুড়লো কমিউনিটি ক্লিনিক

মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কমিউনিটি ক্লিনিকের আসবাবপত্র ও ওষুধ। শনিবার ভোরে ক্লিনিক থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে, উপজেলার উত্তর উপাদী ইউনিয়নের ওই গ্রামের সামছুল হক প্রধানের দানকরা জমিতে নির্মাণ করা হয় কমিউনিটি ক্লিনিকটি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্লিনিক বন্ধ করে বাড়ি চলে যান দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আবু ইউসুফ। ঘটনার দিন ভোরে এলাকার আব্দুল মতিন প্রধান ক্লিনিকের জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়। 

আরও পড়ুন: মাদকসহ ভুয়া সংসদ সদস্য গ্রেফতার

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ প্রধান, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয়রা পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ক্লিনিকের খোলা জানালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে ক্লিনিকের দুটি কক্ষে থাকা রোগীর বিছানা ও ওষুধ পুড়ে যায়। এর আগে কে বা কারা এই ক্লিনিকের টিউবওয়েল ও পানির মটর চুরি করে। 

ডা. গোলাম কাওসার হিমেল জানান, এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এসি