বঙ্গবন্ধুর নামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

প্রতিবারের ন্যায় এবারো বছরের শুরুতেই মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরটি বিশেষ মর্যাদা পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। মুজিববর্ষে টুর্নামেন্টের নাম করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট।

আগামী ২০ জানুয়ারি দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হবে দেশের সবচেয়ে বড়ো ক্রিকেট উত্সব জাতীয় স্কুল ক্রিকেট। গতকাল মিরপুর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল করিম চৌধুরী। এছাড়া বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় স্কুল ক্রিকেটের এটি পঞ্চম আসর। এবার সারা দেশের ৫৫৬ স্কুলের হয়ে ১১ হাজার খুদে ক্রিকেটার অংশ নিবে টুর্নামেন্টে। ৭০ ভেন্যুতে ৯৬৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল কুমিল্লা হাই স্কুল, রানার্সআপ বগুড়ার পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ।