স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমে না হলেও, অদূর ভবিষ্যতে কোচ হিসেবে নিজেদেরই সাবেক কিংবদন্তি জাভিকে হার্নান্দেজকে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি খুঁজতে গেল শুক্রবার ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গ্রাউ কাতারের দোহায় বসেছিলেন জাভির সঙ্গে। খেলাধুলাবিষয়ক স্প্যানিশ গণমাধ্যম এএস এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বৈঠকটি দুই থেকে আড়াই ঘণ্টা স্থায়ী হয়। বার্সেলোনার পক্ষ থেকে আড়াই বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে জাভিকে। চুক্তির মেয়াদ শুরু হবে আগামী মৌসুমের শুরু থেকে। কোচ হিসেবে জাভির ক্যারিয়ার বেশি দিনের নয়। গেল জুলাইয়ে পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্বে আছেন তিনি। সর্বশেষ তিনি এই ক্লাবটিতেই খেলোয়াড় হিসেবে ছিলেন।
বার্সেলোনার সঙ্গে জাভির আলোচনার মাঝে আল সাদের জেনারেল ম্যানেজার তুর্কি আল-আলির বক্তব্যও জল্পনার সৃষ্টি করেছে। তিনি বলেন,‘জাভির বার্সেলোনা যাওয়াটা খুবই স্বাভাবিক এবং প্রত্যাশিত। কারণ ওটাই ওর ক্লাব, ওপর প্রথম বাড়ি। হয়তো ভবিষ্যতে ও সেখানেই যাবে, তবে এখন পর্যন্ত ও আল সাদের কোচ।’ ৩৯ বছর বয়সি এই স্প্যানিশ ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জিতে নিয়ে খেলোয়াড় হিসেবে বিদায় জানান বার্সেলোনাকে। ক্লাবটির হয়ে জাভি আটটি লা লিগার শিরোপা, তিনটি কোপা দেল রে, ছয়টি স্প্যানিশ সুপার কাপ, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এএসের দাবি, কোচ হিসেবে জাভি ছাড়াও বার্সেলোনার পছন্দের তালিকায় আছে আরো কয়েকটি নাম। এর মধ্যে আছেন রোনাল্ড কোম্যান, রবার্তো মার্তিনেজ ও থিয়েরি হেনরি অঁরি। যদিও বার্সেলোনা ক্লাবের সভাপতি, জোসেফ মারিয়া বার্তেমিউ জানিয়েছেন, এই মুহূর্তে কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার কোনো ভাবনাই ক্লাবটির নেই। এমন কী ২০০৩ সালের পর থেকে কখনোই কোনো কোচকে বরখাস্ত করেনি স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি। তবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর চাপ বেড়েছে ভালভার্দের ওপর।