‘ব্রাজিলের হয়ে খেলা অনেক কঠিন’

 

 স্পোর্টস ডেস্ক

সাল ২০১৪। নিজেদের মাটিতে বিশ্বকাপ। ব্রাজিলের প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীত চলাকালে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। সেটার সঙ্গে যেমন আবেগ জড়িয়ে আছে, তেমনি আছে আকাশ সমান চাপও। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড নিজেই মনে করেন, সেলেসাওদের হয়ে খেলাটাই বিরাট একটা চাপের ব্যাপার।

টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলা অনেক কঠিন। ব্রাজিলিয়ানরা একটু বেশিই দুশ্চিন্তায় ভোগে। তারা খুব দ্রুত ফলাফল চায়। যে কোনো আসরেই চ্যাম্পিয়ন হতে চায়। এটা আসলে খুবই শক্ত।’ ২০১৯ সালটা হতে পারত নেইমারের। আসলে ২০১৭ সালে যখন আকাশচুম্বি ট্রান্সফার ফি-এর বিনিময়ে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) গেলেন নেইমার, তখন থেকেই ‘নেইমার বর্ষ’ দেখার অপেক্ষায় আছে ফুটবল বিশ্ব। কিন্তু, সেটা আদৌ আর আসেনি। দুটো বছর কেটে গেছে। নেইমার নিজে অবশ্য আশা করছেন, ২০২০ সালটা তার জন্য ভালো কাটবে। তিনি বলেন, ‘পেশাদার ও ব্যক্তিগত—দুই ভাবেই ২০১৯ সালটা আমাদের জন্য কঠিন ছিল। বছরটা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, অনেক উত্থান-পতন ছিল। ইনজুরিতে পড়েছি, আবার ফিরে এসেছি। তবে এর মধ্য থেকেও আমি কিছু ইতিবাচকতা খুঁজে পেয়েছি, যার ফলে আমি এখন মনে করি যে, ২০২০ সালটা আমার জন্য ভালো কাটবে। আমি সব সময়ই নিজেকে ছাড়িয়ে যেতে চাই। আশা করি, প্রতিটা ম্যাচেই আমি এমন কিছু পাব যা আমার মধ্যে ইতিবাচক কিছু পরিবর্তন আনবে।’

সাফল্যের জন্য মরিয়া নেইমার চলতি বছরের জন্য নিজের একটা লক্ষ্যমাত্রাও স্থির করেছেন। তিনি বলেন, ‘২০২০ সালে যা যা সম্ভব সবকিছুই আমি জিততে চাই। হোক সেটা পিএসজি কিংবা ব্রাজিলের হয়ে। এর মধ্যে কোপা আমেরিকা আবারও জিতে নেওয়ার লক্ষ্যটা সবার আগে থাকবে।’ ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকা জিতলেও, ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে নেইমারের সর্বোচ্চ সাফল্য হলো ২০১৬ সালের অলিম্পিক স্বর্ণ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়েও মনোযোগ দিতে চান নেইমার। বিশেষ করে, এই শিরোপা জয়ের উদ্দেশ্য নিয়েই তো আকাশ-পাতাল এক করে এই ব্রাজিলিয়ানকে দলে নিয়েছিল ফরাসি জায়ান্ট ক্লাবটি। নেইমার মনে করেন, এবার পিএসজির ভালো সুযোগ আছে।

তিনি বলেন, ‘আমি মনে করি এবার আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা আছে। আমি যত দিন ধরে পিএসজিতে আছি, তার মধ্যে এবারের দলটিই সবচেয়ে বেশি শক্তিশালী ও প্রস্তুত। আমি জানি পিএসজি আগে কখনোই এই শিরোপা জিতেনি, কিন্তু আমাদের সেজন্য লড়াই থামিয়ে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য আছে, সামর্থ্যও আছে, আশা করি দেখা হবে ফাইনালে।’