সংবাদ সংক্ষেপ

 

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২০ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে গতকাল রাত আনুমানিক ১১টায় সংঘটিত অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চালের আড়ত, ফার্মেসি, সারের দোকানসহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

কাপ্তাইয়ে ট্রাক বোঝাই পাথরসহ দুই পাচারকারী  আটক

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা ট্রাক বোঝাই পাথরসহ দুই পাচারকারীকে শনিবার আটক করেছে বিজিবি। কাপ্তাই ব্যাটালিয়নের প্রধান গেইটের সামনে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. ইদ্রিস মিয়া এবং বেলাল উদ্দীন। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে এসব পাথর ট্রাক বোঝাই করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পাথর পরিবহনের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। পাথর বোঝাই ট্রাকসহ আসামিদের কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

রৌমারী সীমান্তে  যুবক আটক

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভারত থেকে অবৈধভাবে গরু আনার সময় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আলতাফ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে উপজেলার চরগয়টাপাড়া সীমান্ত থেকে যুবককে আটক করা হয়।  রৌমারী সীমান্তে যুবক আটকের কথা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, বিজিবির পক্ষ থেকে আটক যুবকের বিরুদ্ধে সীমান্ত আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা কিশোরগঞ্জে শনিবার ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মাহমুদ হাসান বলেন, সরকারিভাবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের মাধ্যমে কিশোরগঞ্জে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।

শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার বিকালে আমতলীতে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আমতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৯ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে এগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান।

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

পঞ্চগড় প্রতিনিধি সাংবাদিক রাকিবউদ্দিন পান্নুর হামলাকারীদের বিচারের দাবিতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে। পঞ্চগড় প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ)সংবাদদাতা জগন্নাথপুরে শনিবার দুপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এবং চার্চ অ্যান্ড অজেল্ডটুইসলর রোটারি ইউ-কের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী পাহারপাড়া (চক তিলক) গ্রামের বাসিন্দা চার্চ অ্যান্ড অজেল্ডটুইসলর রোটারি ইন্টারন্যাশনাল ইউ-কের রোটারিয়ান হারুন মিয়ার সহযোগিতায় এগুলো বিতরণ করা হয়েছে। উপজেলার শাহারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী রোটারিয়ান হারুন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।

সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি দক্ষিণ সুনামগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শনিবার সনদপত্র বিতরণ করা হয়েছে। সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লি. এর অর্থায়নে ও উপজেলা সমবায় কার্যালয়ের তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সনদপত্র বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী

শেরপুরে আনন্দ শোভাযাত্রা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে শেরপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের বাস্তবায়নে এ শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা প্রমুখ

সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে শনিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক মোহাম্মদ আবু জাফর, অর্ধবার্ষিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামীম, শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা সীমা চৌধুরী প্রমুখ।

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উত্সব

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা সখীপুরের বহেড়াতৈল গণউচ্চবিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উত্সব উদ্যাপন করা  হয়েছে শনিবার। এ উপলক্ষ্যে বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, ব্যবসায়ী মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক সাদেকুর রহমান প্রমুখ।

নেত্রকোনায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় শনিবার সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস দিবস উপলক্ষ্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি শিশুদের ভিটামিন ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন। সিভিল সার্জন জানান, নেত্রকোনার ১০ উপজেলার ২ হাজার ৮০টি এবং ৩০টি মোবাইল কেন্দ্রে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।