প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করবে তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সরকার প্রতিশ্রুতি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজাবিলিটি (সিএসআইডি) ও এনজিও বিষয়ক ব্যুরোর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ‘চাকরি মেলা, ২০২০’ গতকাল এনজিও বিষয়ক ব্যুরো, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিদের রেজিস্ট্রেশনের মাধ্যমে চাকরি মেলা কার্যক্রম শুরু হয়। যা শেষ হয়েছে বিকাল ৫টায়।

আগারগাঁওস্থ এনজিও বিষয়ক ব্যুরোর ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

মেলায় প্রায় ৫০০ প্রতিবন্ধী চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। এ মেলায় বাক্য, কিকেএমইএ, এফবিসিসিআই ও কোয়াব আইসিটি শিল্পের কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান এবং এনজিওসহ মোট ৩৭টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্ভাবিত সফটওয়্যার ও হার্ডওয়্যার টুলস প্রদর্শন করা হয়।