মাহবুব শরীফ
২০১৯ সালে ও এর আগের বেশ কয়েকটি অগ্নিদুর্ঘটনার কথা সবারই কমবেশি মনে আছে। আগামীতে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে তা রোধ করা কি সম্ভব হবে? এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
আধুনিক জীবনে যেটি সবচেয়ে বড়ো প্রয়োজন সেটি হচ্ছে নিরাপদ পরিবেশ। যা অফিস, শিল্পপ্রতিষ্ঠান, বাসাবাড়ি থেকে শুরু করে নিশ্চিত করা দরকার সবখানে। নিরাপদ পরিবেশের কথা চিন্তা করলে যেটি প্রথম সামনে আসে সেটি হলো নিরাপত্তা ব্যবস্থা, আর এই নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রয়োজন পর্যাপ্ত আধুনিক সিকিউরিটি এবং সেফটি সরঞ্জাম।
ক্রেতাদের চাপে রপ্তানিমুখী শিল্পকারখানার বেশির ভাগে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে ব্যক্তিমালিকানাধীন অনেক ভবন, প্রতিষ্ঠান এখনো পিছিয়ে আছে। ১০ বছরের পরিসংখ্যান থেকে জানা যায়, কেবল রাজধানীতে এই সময়ে উঁচু ভবনের হার বেড়েছে ৫১৪ শতাংশ। তবে এ ভবনগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা তার সঠিক কোনো তথ্য নেই কারো কাছে।
নিরাপত্তার স্বার্থে সরকারিভাবে সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিলছে এর সুফলও। এ ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করা গেলে অপরাধপ্রবণতা কমিয়ে আনার পাশাপাশি নিশ্চিত জীবনের পথে আমরা আরো এগিয়ে যাব। বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এ পথে অগ্নিনিরাপত্তা ও সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিতে সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
অগ্নিনিরাপত্তা ও সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। এ খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। প্রতিষ্ঠানটি ২০১৩ সালে যাত্রা শুরু করে। সংগঠনের পক্ষ থেকে এ বছর সপ্তম বারের মতো তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২০-এর আয়োজন করছে। এক্সপোটি অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি-২০২০, (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ।
ইসাবের সূত্রে জানা যায়, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তাইওয়ান, চীন, ভারতসহ ২৫টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির খ্যাতিমান ব্রান্ড প্রতিষ্ঠান অংশ নেবে। এতে মোট স্টল থাকছে ৭০টি।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো জানানো হয়, এবারের এক্সপোতে নতুন আয়োজন হিসেবে থাকছে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল স্থাপনায় যারা সেইফটি ও সিকিউরিটি ইকিউপমেন্ট মানসম্পন্নভাবে স্থাপন করেছে তাদের মধ্য থেকে সংশ্লিষ্ট বিচারকমণ্ডলীর দ্বারা ৩টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, এক্সপোতে ভিজিটর হিসেবে যেতে হলে অথবা সেমিনারে অংশগ্রহণ করতে হলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন www.IFSSE.com ঠিকানার মাধ্যমে।
মো. মোতাহার হোসেন খান
প্রেসিডেন্ট, ইলেকট্র্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বাংলাদেশের সর্বসাধারণকে অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আরো সচেতন করাই এ প্রদর্শনীর মূল লক্ষ্য। উক্ত প্রদর্শনীতে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের অগ্নিনির্বাপক ও প্রতিরোধক বিষয়ক নানাবিধ যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্রযুক্তির সমাহার হবে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাগণ এসব নানাবিধ যন্ত্র-যন্ত্রাংশ ও অত্যাধুনিক প্রযুক্তি প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। অত্যাধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র, যন্ত্রাংশ ও প্রযুক্তির সঙ্গে পরিচিতির মাধ্যমে আমাদের ব্যবসা খাতে শিল্পদ্যোক্তাগণ এসব ব্যবহারের সুবিধা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের ফায়ার সেফটি এবং সিকিউরিটি সম্পর্কিত যন্ত্র এবং যন্ত্রাংশের আধুনিকায়নে সর্বশেষ ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এ প্রদর্শনী সহায়ক ও কার্যকরী ভ"মিকা রাখবে বলে আমরা আশাবাদী। আমি সবাইকে 'ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো- ইফসি ২০২০'-তে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
মোহাম্মদ মাহমুদ
সেক্রেটারি জেনারেল, ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বিগত বছরগুলোতে আমাদের বাংলাদেশে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা আমরা পরিলক্ষিত করি, তা দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের মোটেই কাম্য নয়। এসব ঘটনায় যে প্রাণহানি হয়েছে তা সত্যি বেদনাদায়ক এবং হূদয়স্পর্শী। একমাত্র দেশের সব পর্যায়ের মানুষের অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক জ্ঞানই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাকে প্রতিহত করতে । শুধু তাই নয়, নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ সম্পর্কেও আমাদের সম্যক ধারণা থাকতে হবে। এ লক্ষ্যে দেশের অন্যতম ফায়ার সেফটি এবং সিকিউরিটি সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন 'ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' এ বছর ৭ম বারের মতো আন্তর্জাতিক মানের ফায়ার সেফটি এবং সিকিউরিটি মেশিনারি প্রদর্শনী 'ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-ইফসি ২০২০'-এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা এ প্রদর্শনীতে আমন্ত্রণ জানাচ্ছি । কারণ এ মেলায় আপনারা অগ্নিপ্রতিরোধক এবং নিরাপত্তা সম্পর্কিত মেশিনারিজ এবং যন্ত্রাংশের আধুনিকায়নে সর্বশেষ ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে এবং প্রত্যক্ষ করতে পারবেন।
জাকির উদ্দিন আহম্মেদ
কনভেইনার, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি
এক্সপো-২০২০
আমাদের দেশে বিভিন্ন আবাসিক, কারখানা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধক ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ থাকা এখন একটি সময়ের দাবি। 'ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-ইফসি ২০২০' শীর্ষক প্রদর্শনী সর্বসাধারণ সকলের জন্য উন্মুক্ত। দেশি-বিদেশি ১০০টিরও বেশি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে এবং তাদের অগ্নিনির্বাপক, প্রতিরোধক, নিরাপত্তা বিষয়ক নানাবিধ অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি উপস্থাপন করবে। এ ধরনের প্রদর্শনী 'ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-ইফসি ২০২০'-এ অংশগ্রহণ করে আপনাদের আবাসিক, কারখানা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধক ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশকে আরো জোরদার করতে পারবেন বলে আমরা আশা করি।