পররাষ্ট্র মন্ত্রণালয় চত্বরে ডিজিটাল ডিসপ্লে ও মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি প্রধানমন্ত্রীর জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে একযোগে উদ্যাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এ উপলক্ষ্যে শুক্রবার মন্ত্রণালয় চত্বরে ডিজিটাল ডিসপ্লে ও ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহেও শুক্রবার একই সময় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উদ্যাপিত হয়েছে। একই সঙ্গে বিদেশস্থ মিশনসমূহে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও উদযাপিত হয়েছে। ‘মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় মুজিববর্ষব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করছে।