ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে তিনি সাততলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সোয়া ২টায় চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। নিহত এই শ্রমিকের নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শ্রমিক আব্দুল কাদের জানান, কৃষি মার্কেট এলাকায় নির্মাণাধীন এক ভবনের সাত তলায় কাজ চলছে। নিহত ঐ শ্রমিক ৫ দিন আগে তাদের সঙ্গে কাজ করা শুরু করেন। বরাবরের মতোই গতকাল সকাল থেকে সাত তলায় তারা কাজ করছিলেন। দুপুরে কাজ করার সময় তিনি সাত তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।