বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মুজিবর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান ও বিনামূল্যে রোগ নির্ণয় করা হবে। এছাড়া বিনামূল্যে বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষার ব্যবস্থা করা হবে। শুক্রবার বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এসব কথা জানিয়েছেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বিএসএমএমইউর বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকাল ৫টা ১৮ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ক্ষণগণনার কার্যক্রম হিসেবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ক্ষণগণনার কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিএসএমএমইউয়ের বি ব্লকে একটি ঘড়ি চালু করা হয়। তারপর গোল চত্বরের পাশে একটি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও স্বাস্থ্য ভাবনা নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিজাদুঘর তৈরি, মুজিবশতবর্ষের লোগো সম্বলিত বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ২০২০ তৈরি ও টেলিফোন নির্দেশিকা ২০২০ তৈরির কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।