প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের জনসমর্থন নেই। তাদের পাশে ভোটাররা নেই।
গতকাল শনিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। কমলাপুর, খিলগাঁও ও মতিঝিলের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়সহ লিফলেট বিতরণ করেন বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী।
ইশরাক বলেন, এই সরকারের অধীনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের তো আপনারা দেখেছেন। তারা এই শহরকে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর বানিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপিকে ভোট দেবেন। একমাত্র আমরাই পারি এ শহরের পরিবর্তন আনতে। গণসংযোগে ইশরাকের সঙ্গে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাবেক সভাপতি রাজীব আহসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পরে খিলগাঁও কমিউনিটি সেন্টার থেকে গণসংযোগ করেন ইশরাক। খিলগাঁও থানার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি। সেখান থেকে গোড়ান এলাকায় গণসংযোগ করে একটি পথসভায় বক্তব্য রাখেন।