তাহিরপুরে অপহরণের তিন দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তোফাজ্জল হোসেন নামের সাত বছরের এক মাদ্রাসাছাত্র অপহরণের তিন দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বাঁশতলা গ্রামে। তোফাজ্জল ঐ ইউনিয়নের বাঁশতলা গ্রামের জুবেল মিয়ার ছেলে। গতকাল শনিবার সকালে বাঁশতলা গ্রামে বাড়ির সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দুপুরে বাঁশতলা গ্রামে শিশুটিকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। পরে বিভিন্ন মোবাইল নম্বর থেকে শিশুটির পিতা জুবেল মিয়া ও তার স্বজনদের নিকট মুক্তিপণের টাকা দাবি করে আসছিল চক্রটি। এ ঘটনায় পরের দিন দুপুরে শিশুটির দাদা জয়নাল আবেদীন তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় দুর্বৃত্তরা। সেই হুমকি তারা বাস্তবে পরিণত করে ছাড়ল। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন,   ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।