কামরাঙ্গীরচরে কিশোরী গণধর্ষণের প্রধান আসামি রতন গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি রতনকে (১৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে রতন এ কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানিয়েছে।

র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় জড়িত বাকি আসামিদের ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার পর মূল আসামি রতন আত্মগোপন করে। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। মেজর আনিসুজ্জামান বলেন, রতন পেশায় গাড়িচালক। সে কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। কামরাঙ্গীরচরে ঐ কিশোরীর পাশের বাসায় রতন থাকত। প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে রতন কয়েকজনকে নিয়ে মেয়েটিকে গণধর্ষণ করেছে। এরপর সে কামরাঙ্গীরচর এলাকা থেকে পালিয়ে সাভার ব্যাংক কলোনি এলাকায় আত্মগোপন করে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় মেয়েটিকে তার এক বান্ধবীর সহায়তায় কৌশলে নিয়ে যায় পাঁচজন। সেখানে নেওয়ার পর তাকে ধর্ষণ করা হয়। পরে মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এদিকে ঐ কিশোরির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ ঘটনায় জড়িত রতন, হাসান, সিফাত, সবুজ, রনি এবং ঐ কিশোরীর এক বান্ধবীসহ মোট ছয়জনকে আসামি করে মামলা করেন।