ভোট পেছাতে ইসিকে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার চিঠি

সরস্বতি পূজার কারণে সিটি করপোরেশন নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। গত শুক্রবার ১৩ মেয়র পদপ্রার্থীসহ প্রায় সাড়ে সাতশ কাউন্সিলর প্রার্থী বর্তমানে প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন। প্রচারের প্রথমদিন শুক্রবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব বরাবর চিঠিটি লিখেছেন তিনি।

গত ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা এক চিঠিতে পূজার জন্য ভোট পেছাতে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন। এই আবেদনের ভিত্তিতেই নির্বাচন পেছানোর জন্য ১০ জানুয়ারি পত্রযোগে নির্বাচন কমিশনকে সুপারিশ করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

এর আগে সরস্বতি পূজার কারণে নির্বাচন পেছানোর জন্য দু’দফা ‍আবেদন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়া নির্বাচন পেছানো প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। এছাড়া একই কারণে হাইকোর্টে একটি রিট আবেদনও করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।