কুমিল্লা ওয়ারিয়র্সের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিযান প্রথম পর্বেই শেষ হয়েছে। ফলে দেশে ফিরে যাচ্ছেন তাদের কোচ ওটিস গিবসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়া নিয়ে কথা চলছে। সে বিষয়েও তেমন কোনো অগ্রগতি নেই। কুমিল্লার শেষ ম্যাচের পর গিবসন তাই বললেন, তিনি এখন স্রেফ বিসিবির বার্তার অপেক্ষায় আছেন।
নিজের অবস্থান বলতে গিয়ে ক্যারিবীয় এই কোচ বলেছেন, ‘এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। আমি বিসিবির বার্তার অপেক্ষায় আছি আমি তাদের সঙ্গে যোগ দেব, নাকি দেব না এটা জানার জন্য। আমি নিজেকে এভেইলেবল রেখেছি, তারা যদি যোগ দিতে বলে এজন্য। আমি অপেক্ষায় আছি কাল মিটিংয়ের পর তারা কি বলে সেটা জানার জন্য।’
গিবসন জানিয়েছেন, বিসিবির সঙ্গে প্রথম দফা আলাপের পর আর কোনো কিছু জানেন না তিনি। আজ যে বোর্ড মিটিং আছে, সেটার দিকেই চেয়ে আছেন তিনি, ‘তাদের সঙ্গে প্রাথমিক আলাপের পর আর কিছু শুনিনি। কাল এখানে বড়ো একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং এর পরই কিছু শুনতে পারব।’
গিবসন এবার বাংলাদেশে এসেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে। কোচ হিসেবে অত্যন্ত হাই প্রোফাইল মানুষ এই ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা এই ক্যারিবিয়ান ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। এরপর ২০১০ সালে ফিরে যান নিজের দেশের দায়িত্ব নিতে।
২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি। সে বছরই আবার ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে গিবসনকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। গেল বছর বিশ্বকাপের ব্যর্থতার জের ধরে আর গিবসনের মেয়াদ বাড়ায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তখন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার একটা গুঞ্জন ছিল। তবে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তার ব্যাটে বলে হয়নি।
সর্বশেষ কোনো জাতীয় দলের দায়িত্বে না থাকা গিবসন এবার যুক্ত হতে পারেন বাংলাদেশ দলের সঙ্গে।