এলেক্সিস দেখলো মায়ের হাতে প্রথম শিরোপা

দীর্ঘদিন পর শিরোপার স্বাদ পেলেন টেনিস কুইন সেরেনা উইলিয়ামস। অকল্যান্ড ইন্টারন্যাশনাল জিতলেন এই ইউএস খেলোয়াড়। সর্বশেষ ২০১৭ সালে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অবশেষে তিন বছর পর সেই আক্ষেপ ঘুচলও তার। সেই সঙ্গে তার সন্তান এলেক্সিস অলিম্পিয়ান ওহানিয়ান জুনিয়র দেখলও মায়ের হাতে প্রথম শিরোপা। কারণ মা হওয়ার পর আর কোন শিরোপার স্বাদ পাননি সেরেনা। এই পুরস্কারের পুরো অর্থ দান করবেন অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের মাঝে।  

২০১৮ ও ২০১৯ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে খেললেও শিরোপা জয় করতে পারেননি সেরেনা। তবে আগামী ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে এই শিরোপা জয় তাকে অনুপ্রেরণা জোগাবে। এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন।  

সেরেনা অকল্যান্ডের ফাইনালে শুরুটা করেছিলেন ধীর গতিতে। স্বদেশী জেসিকা পেগুলা প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে ছিলেন। পরে সেরেনা ঘুরে দাঁড়িয়ে পর পর দুই সেট জিতে ৬-৩, ৬-৪ শিরোপা জয় করেন। তিন বছর পর এই প্রথম একক শিরোপা ঘরে তুলতে পারলেন তিনি।

টুর্নামেন্ট শুরুর আগেই সেরেনা ঘোষণা দিয়েছিলেন অকল্যান্ড ইন্টারন্যাশনাল শিরোপা জিততে পারলে এখান থেকে প্রাপ্ত পুরো অর্থ দান করবেন অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের মাঝে। এ শিরোপা থেকে তিনি পান বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৪৪৫ টাকা। টুর্নামেন্টে তার পরিহিত জামাটিও বিক্রি করে সেই অর্থও দান করার সিদ্ধান্ত নিয়েছেন সেরেনা উইলিয়ামস। 

ইত্তেফাক/এসআই