‘সেদিন সবাই নিশ্চুপে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটি শুনছিলেন’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। বঙ্গবন্ধুকে ঘিরে একাধিক শিল্পীর বিভিন্ন সময়ের স্মৃতিখণ্ড রয়েছে। বঙ্গবন্ধুকে ঘিরে তারকাদের সেই অমূল্য স্মৃতিগুলো বিনোদন প্রতিদিন-এ প্রকাশ হবে নিয়মিত। আজ পাঠকদের জন্য লিখেছেন দেশের গুণী নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম

সংস্কৃতিসেবীরা যেভাবে তাদের চর্চায় বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন, এটা দারুণ একটা ব্যাপার। আমাদের দেশের কবি ও সাহিত্যিকরা বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখা লিখেছেন, সেটার কোনো তুলনা নেই। পৃথিবীর ইতিহাসে আর কোনো নেতাকে নিয়ে এত লেখালেখি হয়েছে বলে আমার জানা নেই। ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো; তখন মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল, ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল। সেই ভীতি কিন্তু কাটিয়েছিলেন শিল্পী ও কবিরা। বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৬-৭৭ সালের দিকে একুশে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমিতে কবি নির্মলেন্দু গুণ তার লেখা কবিতায় ‘আমি বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি’ আবৃত্তি করেছিলেন, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি, চেয়ারের হাতল ধরে শ্রোতারা নিশ্চুপ হয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটি শুনছিলেন। কবিতা শেষ হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ অবাক হয়ে বসে ছিলেন সবাই। বঙ্গবন্ধু-হত্যার পর সেবারই প্রথম প্রকাশ্যে বঙ্গবন্ধুর কথা কেউ বলেছিল।