বৈদ্যুতিক লাইনের নিচে ভবন নির্মাণ!

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীর টরকি বন্দর এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুত্ লাইনের মাত্র চার ফুট নিচে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণের কাজ করছেন জাকির বেপারী নামে এক ব্যক্তি। এলাকাবাসীর আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে ভবন মালিক জাকির বেপারী জানান, বৈদ্যুতিক তারের চার ফুট নিচ থেকে শ্রমিকরা কাজ করছেন, এতে কোনো সমস্যা হবে না। তিনি আরো জানান, বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করা হয়েছে। কিন্তু বিদ্যুত্ অফিস কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম।

উল্লেখ্য, একইভাবে ভবন নির্মাণ করায় গত ছয় মাস পূর্বে টরকি বন্দরের একটি ভবনের ছাদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক গৃহবধূ মারা গেছেন। একই ছাদে বৈদ্যুতিক দুর্ঘটনায় এক শ্রমিক পঙ্গুত্ববরণ করেছেন।