বরিশালে তিন দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন

বরিশাল অফিস

বরিশালে নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন হয়েছে। শনিবার রাতে মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যান্য অতিথি। রবীন্দ্র-সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালিত্ব উদ্ভাসিত হবে বলে আশা অনুষ্ঠানের উদ্বোধক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। পৌষমেলা উত্সবমুখর, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। মেলায় পিঠা-পুলি উত্সব, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতি এবং হস্তশিল্পের সমাহার ঘটানো হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে গ্রামীণ সংস্কৃতির সমাহার ঘটানো হয়েছে।