তিনদিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

জেলা নদী রক্ষা কমিটির সভায় কমিশনের চেয়ারম্যান

পিরোজপুর অফিস

পিরোজপুরের বিভিন্ন নদী দখল করে স্থাপিত অবৈধ অবকাঠামো আগামী তিন দিনের মধ্যে উচ্ছেদ করতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার নির্দেশ দিয়েছেন। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত জেলা নদী রক্ষা কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় পিরোজপুরের বলেশ্বর নদ, দামোদর খাল, শহরের পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের চেয়ারম্যান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি নদীর জায়গা দখল করে বিভিন্ন সরকারি-বেসরকারি বাড়ি, সেতু, ঘাট ইত্যাদি নির্মাণাধীন অবকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরই মধ্যে যেসব অবকাঠামো নির্মিত হয়েছে তা ভেঙে ফেলা বা উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে চেয়ারম্যান আরো বলেন, এসব অননুমোদিত স্থাপনাগুলো নিজ খরচে উদ্যোক্তাদের সরিয়ে নিতে হবে। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জরিমানা ও মামলা করার বিধানের কথা উল্লেখ করে আরো বলেন, নদী রক্ষার জন্য হাইকোর্টের ১৭ দফা নির্দেশনা রয়েছে। নদী দখল করে অবৈধ স্থাপনাকারীদের প্রয়োজনে দুদকের মাধ্যমে মামলাও করা হবে।

সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, উপপরিচালক প্রকৌশলী আক্তারুজ্জামান, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পৌর প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।