কেরোসিনের আগুনে ৭০ ভাগ পুড়ে গেছে ছাত্রীর দেহ

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সিপা (১৭) নামে আগুনে পোড়া এক মাদ্রাসা ছাত্রীকে। তার দেহের ৭০ ভাগ পুড়ে গেছে বলে জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। শনিবার বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ট্রাক রোডের একটি ভাড়া বাসায় কেরোসিনের আগুনে দগ্ধ হয় ঐ কিশোরী। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের এক প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের লোকেরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, ঘটনাটি শোনার সাথে সাথে আমি নিজেই হাসপাতালে গিয়েছি। আগুনে শিক্ষার্থীর প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মোবাইল ফোনে জানান আগুনে মেয়েটির শরীরটি প্রায় পুড়ে গেছে। প্রাথমিক চিকিত্সা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।