চৌমুহনীতে খালের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী শহরের বড়পোল থেকে পূর্বদিকে তুলাতলি খাল পর্যন্ত খালের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সেনা সদস্য কর্পোরাল হাবিব জানান, প্রথম দিনে প্রায় ১০০ অবৈধ দখল উচ্ছেদ করা হয়। দীর্ঘ ১৫ কিলোমিটার এ খালের অংশ বেগমগঞ্জ ছাড়াও সেনবাগ উপজেলায় রয়েছে। তুলাতলি খালের পরেই চৌমুহনী ছাতারপাইয়া খালের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

বেগমগঞ্জ ভূমি দপ্তর সূত্রে জানা যায়, বেগমগঞ্জে প্রায় ২ হাজার অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলার খালসমূহ অবৈধ দখলদারদের কবলে নালায় পরিণত হয়েছিল।