কুড়িগ্রাম প্রতিনিধি
আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম জেলা ও যুগ্ম দায়রা জজ মো. তারিখ হোসেনের এজলাস বর্জন করে তার প্রত্যাহার দাবিতে রবিবার সংবাদ সম্মেলন করা হয়েছে। অ্যাডভোকেট এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ মিলনায়তনে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইনজীবীরা। সংবাদ সম্মেলনে আগামী বৃহস্পতিবারের মধ্যে ঐ বিচারককে প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেওয়া হয়।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন প্রমুখ।