হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী
পাবনা প্রতিনিধি
তীব্র শীত আর উত্তরের হিমেল হাওয়ায় পাবনার জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে স্থবিরতা। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। রোদ উঠলেও উত্তাপ ছিল না। শীতের তীব্রতায় সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ছে শহর বাজার। পাবনা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, রবিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরো বাড়বে।
ঈশ্বরদীর খয়েরবাড়িয়া গ্রামের কৃষক বাবলু মিয়া বলেন, শীত-কুয়াশার কারণে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত রোদ না থাকায় চারা বিবর্ণ হয়ে যাচ্ছে।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, শীতের শুরুর থেকেই হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ৭০ শিশু এখন প্রতি দিন হাসপাতালে ভর্তি হচ্ছে।